ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধানের স্বার্থে এ আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ আদেশ দেন।
এদিন দুদকের সহকারী পরিচালক মো. সাইফুর রহমান আদালতে আবেদন করে অভিযোগ সংশ্লিষ্ট ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন জানান।
আবেদনে বলা হয়, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে প্রায় ১২৭ কোটি টাকার লেনদেনের অভিযোগ বর্তমানে দুদকের অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তারা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। এ কারণে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।
উল্লেখ্য, গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ-কে গ্রেফতার করে। এরপর থেকে তিনি ভারতের একটি কারাগারে আটক রয়েছেন।