জামালপুর: জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় লাহিড়ীকান্দা ঈদগাহ মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজিব সার্ভিসের একটি বাস জামালপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা গোপালপুর থেকে নান্দিনার দিকে যাচ্ছিল। লাহিড়ীকান্দা এলাকায় পৌঁছালে যান দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী যাত্রীরা আরও জানান, দুর্ঘটনার সময় চালকের সহকারী বাসটি চালাচ্ছিলেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। আহতদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।