ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরের অডিটোরিয়ামে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ সুরক্ষা, সামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতির সমন্বয় ঘটানো অত্যন্ত জরুরি। সর্বনিম্ন কার্বন নিঃসরণ, সম্পদের সঠিক ব্যবহার, দূষণমুক্ত উৎপাদন এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা, তাপদাহ ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বাড়ার বিষয়টি বাংলাদেশের মতো উপকূলীয় দেশের জন্য গভীর উদ্বেগের বলে তিনি জানান।
দীর্ঘমেয়াদি জলবায়ু প্রভাব মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAP ২০২৩-২০৫০) প্রণয়ন করেছে এবং জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC 3.0)-এর মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসের লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও অংশীদারিত্ব জোরদারেও কাজ চলছে। উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সরকারের পাশাপাশি জনগণের সচেতন অংশগ্রহণে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে শিশুবেলা থেকেই প্রকৃতির প্রতি ভালোবাসা, পলিথিন পরিহার এবং জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্বুদ্ধ করার ওপরও তিনি জোর দেন।
পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম। অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ী এবং পরিবেশ মেলায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ স্টলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।