Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সিনিয়র করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

ঢাকা: বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু থাকা ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ সেপ্টেম্বর) মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই অনুরোধ জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশের ধান ও কৃষি গবেষণা প্রতিষ্ঠানসহ কৃষি খাতের সার্বিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের অতীত বিনিয়োগ ও সহায়তার কথা স্মরণ করে এই খাতে আরও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি তিনি দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রগতিতে মার্কিন প্রতিষ্ঠান শেভরনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, স্বাস্থ্য ও উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্প খাতে মার্কিন দক্ষতা ও প্রযুক্তি হস্তান্তরের ওপর জোর দেন।

বিজ্ঞাপন

বৈঠকে রাষ্ট্রপতি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন। জবাবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ঢাকার সঙ্গে ওয়াশিংটনের বিদ্যমান সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার আগ্রহ প্রকাশ করে সব ধরনের সাহায্য বজায় রাখার আশ্বাস দেন। সাক্ষাৎকার পর্বে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত। দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে রাষ্ট্রপতি জানান, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের সুরক্ষা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত পারস্পরিক বাণিজ্য চুক্তিকে আরও ভারসাম্যপূর্ণ ও লাভজনক করার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য বহুগুণ বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর