Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫০তম বিসিএসের ভাইভার সূচি প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৫

ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার (ভাইভা) দিনক্ষণ চূড়ান্ত করেছে। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই ধাপের পরীক্ষা চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) পিএসসি সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির অনুযায়ী, এই দফায় মোট ২ হাজার ৫৩৫ জন পরীক্ষার্থী ভাইভায় অংশ নেয়ার সুযোগ পাবেন। এর মধ্যে সাধারণ ক্যাডারের অবশিষ্ট ৪৩৫ জন, সাধারণ ও কারিগরি উভয় ক্যাডারের ১ হাজার ৫১৫ জন এবং শুধু কারিগরি বা পেশাগত ক্যাডারের ৫৮৫ জন প্রার্থী রয়েছেন। সময়সূচি অনুযায়ী, ১৩ ও ১৪ সেপ্টেম্বর প্রতিদিন ১৯৫ জন করে সাধারণ ক্যাডারের প্রার্থীরা অংশ নেবেন। ১৫ সেপ্টেম্বর সাধারণ ক্যাডারের ৪৫ জন এবং উভয় ক্যাডারের ১৫০ জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন ১৯৫ জন করে উভয় ক্যাডারের এবং ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন ১৯৫ জন করে শুধু কারিগরি ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পিএসসি নির্দেশ দিয়েছে, কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই ভাইভায় অংশ নেয়ার একমাত্র যোগ্যতা হিসেবে বিবেচিত হবে না। প্রার্থীদের অবশ্যই পিএসসির ওয়েবসাইট থেকে ‘বিপিএসসি ফরম-১’ ডাউনলোড করে প্রয়োজনীয় সব সনদের দুই সেট সত্যায়িত কপি ভাইভা শুরুর অন্তত ৩০ মিনিট আগে জমা দিতে হবে এবং মূল সনদ প্রদর্শন করতে হবে। এতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা সরাসরি বাতিল করা হবে।

ভাইভা বোর্ডে প্রার্থীর তিন মাসের মধ্যে তোলা তিন কপি সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার মূল ও সাময়িক সনদ, এসএসসি বা সমমানের সনদ (বয়সের প্রমাণ হিসেবে), এবং চার বছর মেয়াদি স্নাতকের মেয়াদের প্রত্যয়নপত্র সাথে আনতে হবে। এ ছাড়া ও/এ লেভেলের প্রমাণপত্র, বিদেশি ডিগ্রির সমমান সনদ, বিএমডিসি বা ভেটেরিনারি কাউন্সিলের নিবন্ধন, শারীরিক যোগ্যতার প্রত্যয়নপত্র এবং নিজ নিজ ক্যাডার ও কোটার উপযুক্ত সরকারি সনদ জমা দেয়া বাধ্যতামূলক।

পাশাপাশি সরকারি চাকরিজীবীদের অনাপত্তিপত্র, সত্যায়িত জাতীয় পরিচয়পত্র এবং ওয়েবসাইট থেকে ডাউনলোড করা তিন কপি পুলিশ ভেরিফিকেশন ফরম সাথে আনতে হবে। ভাইভার আগে প্রার্থীদের ‘বিপিএসসি ফরম-৩’ অনলাইনে বাংলায় পূরণ করে দুই কপি প্রিন্ট জমা দিতে হবে এবং গুগল ফরমে সব সনদের স্ক্যান কপি আপলোড করতে হবে।

সেসঙ্গে প্রার্থীদের ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না, তাই নিজ দায়িত্বে ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করে স্বহস্তে রোল নম্বর ও তারিখ লিখে আনতে হবে। নির্ধারিত তারিখে অনুপস্থিত প্রার্থীর পরীক্ষা পুনর্গ্রহণের সুযোগ থাকবে না। পিএসসি প্রদেয় নির্দেশনায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, মৌখিক পরীক্ষা কেন্দ্র করে কোনো প্রকার অনৈতিক তদবিরের চেষ্টা চালানো হলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

ভাইভার সূচি

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর