ঢাকা: গত ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত কথিত গণহত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করা হবে- বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বুধবার (৩ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
চিফ প্রসিকিউটর বলেন, মামলায় বর্তমানে ১১ জন আসামি কারাগারে রয়েছেন এবং আরও ৩০ জন পলাতক। তাদের বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানা কার্যকর করতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিজ নিজ ঠিকানায় গেলেও কাউকে পাওয়া যায়নি। এ কারণে ট্রাইব্যুনালের নির্দেশে দুইটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ প্রক্রিয়া শেষ হলে মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন সব মামলাই গুরুত্বের সঙ্গে পরিচালিত হচ্ছে। তবে শাপলা চত্বরের মামলাটি বিশেষ অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হবে।
মো. আমিনুল ইসলাম আরও বলেন, ২০১৩ সালের ৫ মে সংঘটিত ঘটনাকে তৎকালীন আওয়ামী লীগ সরকার ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছিল। কিন্তু ওই ঘটনায় ৬১ জন আলেম-ওলামাকে নির্বিচারে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ বিচারকে ঘিরে নানা ধরনের বিভ্রান্তিকর প্রচারণাও চালানো হয়েছিল। তবে ধর্মপ্রাণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এবং জনদাবির প্রতি সম্মান জানিয়ে মামলাটির বিচার দ্রুত শেষ করতে প্রসিকিউশন আন্তরিকভাবে কাজ করবে বলে জানান তিনি।