ঢাকা: তেল, গ্যাস, বিদ্যুৎ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আর কর্মসূচি সফল করতে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলটি।
বৃহস্পতিবার ( ২ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির শীর্ষ নেতারা এ কথা জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জনদুর্ভোগ এড়াতে এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে লং মার্চের গাড়িবহর ৫-৬ হাজার থেকে কমিয়ে প্রায় ১ হাজারে নামিয়ে আনা হয়েছে।
নেতারা জানান, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে এই যাত্রা শুরু হবে। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত শাপলা চত্বরে উদ্বোধনী ও সংক্ষিপ্ত বক্তব্য অনুষ্ঠিত হবে। এরপর গাড়িগুলো শৃঙ্খলিতভাবে যাত্রা শুরু করবে।
যাত্রাপথে বিভিন্ন স্থানে পথসভা ও সাধারণ মানুষের কথা শোনার কর্মসূচি রয়েছে। ঢাকা থেকে বের হয়ে প্রথম পথসভা হবে চিটাগাং রোডের সিদ্ধিরগঞ্জের ট্রাক স্ট্যান্ডে।
এরপর দুপুর ১২টায় কুমিল্লায় নূর হোটেলের খালি জায়গায় পথসভা ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। পরবর্তীতে ফেনীর মহিপালে দুপুর ৩টায় এবং মিরসরাইয়ে বিকেল ৫টায় পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষে রাত ৯ টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে মহাসমাবেশের মধ্য দিয়ে এই লং মার্চ সমাপ্ত হবে।
সংবাদ সম্মেলনে দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং দেশের সাধারণ মানুষকে রাস্তায় এসে তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান।