Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করতে পারবে ফারজানা রুপার দুই সন্তান

স্টাফ করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৬ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৭
ঢাকা : মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপার সঙ্গে তার দুই সন্তানকে সাক্ষাতের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে ফারজানা রুপার আইনজীবী সিফাত মাহমুদ শুভ অসুস্থ মায়ের সঙ্গে দুই সন্তানের সাক্ষাতের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন। তিনি আদালতকে জানান, গত ৩০ আগস্ট থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফারজানা রুপা। তার এক ছেলে ও এক মেয়ে মায়ের সঙ্গে দেখা করতে চায়। শুনানি শেষে ট্রাইব্যুনাল হাসপাতালে গিয়ে দুই সন্তানকে মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেন।
এদিন ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত কথিত গণহত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানির দিন ছিল। মামলায় মোট ৪১ জন আসামির মধ্যে ১১ জন গ্রেপ্তার রয়েছেন। তবে শারীরিক অসুস্থতার কারণে ফারজানা রুপা আদালতে উপস্থিত থাকতে পারেননি। বাকি ১০ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
জানা গেছে, গত ৩০ আগস্ট সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে ফারজানা রুপাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। কারাগারে থাকাকালীন তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। বর্তমানে হাসপাতালের প্রিজন সেলে তার চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর