ঢাকা: রাজধানীর সবুজবাগে স্বামীর বিয়ে-বহির্ভূত সম্পর্কের কারণে স্ত্রী কতৃক স্বামীকে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম মাহফুজুর রহমান (৪০)। হত্যার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঘাতক স্ত্রী ৯৯৯ নাইনে ফোন দিয়ে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন।
দুপুর দেড়টার দিকে স্থানীয় পুলিশ সবুজ নন্দীপাড়া বড় মসজিদ গলির একটি টিনশেড বাসা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে এবং ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) ইসমাঈল হোসেন খান বলেন, গতকাল (বুধবার) রাতে স্ত্রী রেহানা আক্তার তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গলায় ওড়না পেচিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। পরে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন।
তিনি আরো জানান, আটক রেহান কাছ থেকে জানা গেছে, মাহফুজুর রহমান তার চতুর্থ স্বামী এবং মাহফুজ এর আগে আরো দুটি বিয়ে করেছিল। দুজনেরই আগের ঘরে সন্তান রয়েছে। নিহত মাহফুজ কাঠমিস্ত্রী ছিল। তার বাড়ি চাঁদপুর জেলায়। অন্য নারীদের সঙ্গে পরকীয়ার অভিযোগে ক্ষিপ্ত হয়ে স্ত্রী রেহেনা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।