Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: প্রবাসী কল্যাণমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৬ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৯

জাতীয় সয়ংসদে বক্তব্য রাখছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী – ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশি শ্রমিকদের জন্য বন্ধ হয়ে যাওয়া মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর ) জাতীয় সংসদ অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশী কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্রমবাজার হলেও ২০২৪ সালের ৩১ মে থেকে সেখানে নতুন কর্মী গমন সাময়িকভাবে বন্ধ রয়েছে।

পরিস্থিতি উত্তরণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বাজার চালুর তাগিদ দিয়ে আধা-সরকারি চিঠি পাঠানো হয়েছে এবং দেশটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে দফায় দফায় দ্বিপক্ষীয় বৈঠক সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কেবল মালয়েশিয়া নয়, বরং ওমানসহ অন্যান্য দেশে নতুন কর্মসংস্থান তৈরিতে বিদেশী মিশনগুলোর পরামর্শে স্থানীয় লবিস্ট বা পরামর্শক নিয়োগের প্রক্রিয়াও হাতে নেওয়া হয়েছে। একই সাথে কাতার, রোমানিয়া, ইতালি ও সার্বিয়াসহ ইউরোপ-এশিয়ার বিভিন্ন দেশে দক্ষ কর্মী পাঠানোর প্রচেষ্টা চলছে । এছাড়া কর্মীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি ও বিদেশগামী ১ লাখ চালকের বিশেষ প্রশিক্ষণসহ বিএমইটি পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বিভিন্ন ভাষার ওপর কোর্স চালু রাখার তথ্যও তিনি সংসদে তুলে ধরেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর