ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন জানিয়েছেন ভূমিকম্পসহ বড় ধরনের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ দক্ষতার সাথে মোকাবিলা করার জন্য ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি করার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবককে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত নারী আসন-১০-এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও দ্রুত উদ্ধারকাজ নিশ্চিত করার উদ্দেশ্যে দেশের এই বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা হচ্ছে। উদ্ধার কাজ পরিচালনার সুবিধার জন্য কেনা অত্যাধুনিক সরঞ্জামাদি ইতোমধ্যেই সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর মতো জরুরি সেবাদানকারী বিভিন্ন সংস্থার মাঝে বণ্টন করা হয়েছে ।
তিনি বলেন, উদ্ধার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে আরও কিছু নতুন প্রযুক্তি ও যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া বর্তমানে টেন্ডার পর্যায়ে রয়েছে। তিনি আরও বলেন, কেবল সরকারি প্রস্তুতিই নয়, বরং জরুরি মুহূর্তে ব্যবহারের সুবিধার্থে দেশের বেসরকারি খাতের কাছে থাকা বিভিন্ন উদ্ধার সরঞ্জামের একটি পূর্ণাঙ্গ তালিকাও সরকার প্রস্তুত করে রেখেছে। ফলে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সরকারের সাথে সমন্বিতভাবে উদ্ধারকাজে অংশগ্রহণ করতে পারবে এসব প্রশিক্ষিত উদ্ধারকারী দল।