Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হজ ব্যবস্থাপনায় সাশ্রয়ী অর্থ ফেরত দেবে ধর্ম মন্ত্রণালয়

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: ‎হজ ব্যবস্থাপনায় সাশ্রয় হওয়া অর্থ সরকারের কাছে ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

‎শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আশকোনা হজ অফিসে সরকারি ব্যবস্থাপনার শ্রেষ্ঠ হজ গাইডদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এ কথা বলেন।

‎ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশি হাজিদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করা হচ্ছে। হাজিদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের পাশাপাশি সেবার মান উন্নত করার বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

‎তিনি আরও জানান, গত হজ মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় হাজিদের জন্য বিনামূল্যে এক লাখ পানির বোতল সরবরাহ করা হয়েছে এবং লাগেজ র‌্যাপিংয়ের জন্য হাজিদের কোনো অতিরিক্ত অর্থ গুণতে হয়নি। সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে এবার কোনো হাজির লাগেজ হারানোর ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

‎পূর্ববর্তী অভিজ্ঞতার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, গতবার একটি এজেন্সির অব্যবস্থাপনার কারণে দুজন হাজি সময়মতো রওনা হতে পারেননি। পরবর্তীতে পুলিশ ও এনএসআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের হজে পাঠানোর ব্যবস্থা করা হয়।

বিজ্ঞাপন

হাজিদের সেবায় সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, হজ গাইডদের কাজের স্বীকৃতি হিসেবে এবার শ্রেষ্ঠ গাইডদের মোট ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই পুরস্কারের পরিসর ও অর্থ আরও বাড়ানো হবে।

‎অনুষ্ঠানের সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, হজ কার্যক্রমে সাশ্রয় হওয়া অর্থ রোববার (৬ সেপ্টেম্বর) সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর