Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশের জন্য সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৪

– ছবি : সংগৃহীত

ঢাকা: ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং এসব নদীর সঙ্গে সংযুক্ত খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ঢাকার চারপাশে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়নসংক্রান্ত কার্যক্রমের সার্বিক অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

বিজ্ঞাপন

সভায় প্রধানমন্ত্রী এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করে কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তারেক রহমান বলেন, নিজেদের জন্য যেমন একটি পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন, তেমনি পরবর্তী প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। এ ক্ষেত্রে শুধু সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে প্রত্যেককে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও ভূমিকা রাখতে হবে।

তিনি নদী ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সব সংস্থা ও প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনার ওপর গুরুত্ব দেন।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর