Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৯

ঢাকা: বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক এখন প্রতি ক্যালেন্ডার বছরে বিদেশ ভ্রমণের জন্য সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা গ্রহণ করতে পারবেন। এতদিন এ সীমা ছিল ১২ হাজার মার্কিন ডলার। অর্থাৎ আগের তুলনায় বার্ষিক ভ্রমণ কোটা ৬ হাজার মার্কিন ডলার বৃদ্ধি করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

দেশের সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংক (অথরাইজড ডিলার) এ নির্দেশনা অনুসরণ করবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের ক্রমবর্ধমান ব্যয়, বিদেশে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও পর্যটনসহ বিভিন্ন প্রয়োজনে ভ্রমণকারীদের প্রকৃত বৈদেশিক মুদ্রার চাহিদা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় ভ্রমণকারীদের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ সহজ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশে বসবাসকারী একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ভ্রমণের উদ্দেশ্যে অনুমোদিত ব্যাংক থেকে গ্রহণ করতে পারবেন। তবে ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের নির্ধারিত সীমার ৫০ শতাংশ প্রযোজ্য হবে। অর্থাৎ অপ্রাপ্তবয়স্কদের জন্য বার্ষিক বৈদেশিক মুদ্রা গ্রহণের সর্বোচ্চ সীমা হবে ৯ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বিদেশি মুদ্রা।

এছাড়া আগের নিয়মের মতোই নগদ মার্কিন ডলার বহনের ক্ষেত্রে সীমা বহাল রাখা হয়েছে। একজন ভ্রমণকারী তার প্রাপ্য কোটার মধ্যে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার নগদ (ইউএস ডলার নোট) হিসেবে নিতে পারবেন। বাকি অর্থ আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড ট্রাভেল কার্ড কিংবা বাংলাদেশ ব্যাংক অনুমোদিত অন্যান্য মাধ্যমে ব্যবহার করতে হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, বিদেশ ভ্রমণের জন্য বৈদেশিক মুদ্রা ছাড়ের বিষয়ে পূর্বে জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। নতুন সার্কুলারটি কেবল বার্ষিক ভ্রমণ কোটার পরিমাণ বৃদ্ধি করেছে; অন্য সব বিধি-বিধান আগের মতোই কার্যকর থাকবে।

ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, সার্কুলারের বিষয়বস্তু সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকদের অবহিত করতে হবে, যাতে বিদেশগামী যাত্রীরা নতুন সুবিধা সম্পর্কে জানতে পারেন এবং প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সহজে গ্রহণ করতে পারেন।

ব্যাংকিং খাতের সংশ্লিষ্টদের মতে, নতুন এ সিদ্ধান্ত বিদেশে চিকিৎসা, উচ্চশিক্ষা, ব্যবসায়িক সফর এবং পর্যটনে যাওয়া বাংলাদেশি নাগরিকদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে যেসব দেশে অবস্থানকালীন ব্যয় তুলনামূলক বেশি, সেখানে ভ্রমণকারীরা প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা ব্যবহারে আগের চেয়ে বেশি সুবিধা পাবেন।

সার্কুলারে বলা হয়েছে, প্রকৃত ভ্রমণ-সংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

নতুন নির্দেশনার ফলে বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ আরও সম্প্রসারিত হলো, যা আন্তর্জাতিক ভ্রমণকে আরও সহজ ও বাস্তবসম্মত করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

মার্কিন গেম শোয়ের ঘোষক বরখাস্ত
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর