Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিমাগার-ডেইরি-পোল্ট্রিতে ব্যাংকগুলো ৬০ হাজার কোটি টাকা ঋণ দেবে: অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৭ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৩

জাতীয় সংসদে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী – ছবি : সংগৃহীত

ঢাকা: কৃষি খাতের উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা সুসংহতকরণ এবং গ্রামীণ অঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চলতি অর্থবছরে দেশের সব তফসিলি ব্যাংকের মাধ্যমে ৬০ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (০৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। জাতীয় সংসদের উক্ত অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের জন্য দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের মাধ্যমে এই ৬০ হাজার কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নির্ধারিত এই ঋণের আওতায় দেশে পোল্ট্রি ফার্ম, ডেইরি ফার্ম প্রতিষ্ঠা এবং গুদামজাত বা হিমাগারকৃত কৃষি পণ্যের বিপরীতে ব্যাংকগুলো নিয়ম মেনে ঋণ সুবিধা দিচ্ছে, যা আধুনিক হিমাগার স্থাপন এবং ডেইরি ও পোল্ট্রি খাতের উদ্যোক্তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গত ৬ জুলাই জারি করা এসিডি-১ সার্কুলার নম্বর-২ এর মাধ্যমে ৩ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এই তহবিলের আওতায় আধুনিক ও পরিবেশ-বান্ধব হিমাগার নির্মাণসহ শস্য-ফসল, মৎস্য, প্রাণিসম্পদ, কৃষি ও সেচ যন্ত্রপাতি খাত এবং আয় উৎসারী কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক কৃষি মূল্য শৃঙ্খলে ঋণ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

এর পাশাপাশি দেশের সামগ্রিক কৃষি উৎপাদন বাড়ানো ও পল্লী অঞ্চলে অর্থনৈতিক গতিশীলতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৮ জুন জারি করা এসিডি সার্কুলার নম্বর-০১ এর মাধ্যমে গঠিত ১০ হাজার কোটি টাকার অপর একটি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ব্যাংকিং খাতের মাধ্যমে পল্লী ঋণের অর্থ ছাড় অব্যাহত রয়েছে। সরকার মনে করছে, এই তহবিলের সঠিক ব্যবহার গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পাশাপাশি দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা সুসংহত করতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর