Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একই উপজেলার সব ইউপিতে ভোট হবে একদিনে: ইসি সচিব

‎ ‎সিনিয়র করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৯

ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎ঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ার অধীনে একটি উপজেলার আওতাধীন সবকটি ইউনিয়নে একই দিনে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।

‎সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এসব কথা জানান ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎নির্বাচনের ধাপ সংক্রান্ত প্রশ্নে ইসি সচিব জানান, ইউপি নির্বাচন পাঁচ নাকি ছয় ধাপে অনুষ্ঠিত হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। তবে বিশৃঙ্খলা এড়াতেই পুরো উপজেলা ধরে একসাথে ভোটের আয়োজন করা হবে। তিনি ব্যাখ্যা করেন, একটি উপজেলার কয়েকটি ইউনিয়নে এক ধাপে আর বাকিগুলোতে অন্য ধাপে ভোট হলে আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যা ও বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা থাকে। সেই ঝুঁকি এড়াতেই এই উদ্যোগ। তফসিল ঘোষণার দিনক্ষণ নির্ধারণ কমিশনের এখতিয়ার বলেও উল্লেখ করেন তিনি।

‎প্রচার-প্রচারণা ও বিধিমালার পরিবর্তন নিয়ে তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নতুন নিয়ম অনুযায়ী কোনো কাগজের পোস্টার ব্যবহার করা যাবে না। বাকি যেসব সংশোধনী আসছে, তা দ্রুতই গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

‎ইসির পরিকল্পনা অনুযায়ী, দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ, ৩৩০টি পৌরসভা, পাঁচ শতাধিক উপজেলা, ৬১টি জেলা পরিষদ এবং ১৩টি সিটি করপোরেশনের মধ্যে ইউপি নির্বাচন দিয়েই এই বিশাল কর্মযজ্ঞ শুরু হচ্ছে।

‎প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আগে জানিয়েছিলেন, সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করে নভেম্বরের মধ্যে ইউপি ভোট শেষ করার প্রস্তুতি চলছে। এরপর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর