Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে বিপ্লবী বিনোদ বিহারীর নামে সড়ক দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৩ ২১:২৩

চট্টগ্রাম ব্যুরো: বৃটিশ বিরোধী বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর নামে চট্টগ্রাম নগরীতে একটি সড়কের নামকরণের দাবি এসেছে প্রয়াত এই সংগ্রামীর জন্মদিনে।

১১২ তম জন্মদিনে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে নগরীর মোমিন রোডে প্রয়াত বিপ্লবীর স্মৃতিধন্য বাড়িতে তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকেরা এ দাবি জানান।

এসময় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রামের সহ-সভাপতি দীপঙ্কর চৌধুরী কাজল, দি চিটাগাং অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক সমরেশ বৈদ্য, কোষাধ্যক্ষ বিবেকানন্দ আচার্য, সুভাষ চৌধুরী, শিক্ষক অশোক বিজয় দে উপস্থিত ছিলেন। অধ্যাপক রীতা দত্তের নেতৃত্বে সারদা সংঘের পক্ষ থেকেও প্রয়াত বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বিজ্ঞাপন

শ্রদ্ধা জানানোর পর সাংবাদিক সমরেশ বৈদ্য বলেন, ‘চট্টগ্রাম নগরীর জেএম সেন হল প্রাঙ্গনে প্রয়াত বিপ্লবীর একটি আবক্ষ ভাষ্কর্য স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে আমরা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের কাছে শহরের একটি প্রধান সড়ক বিনোদ বিহারী চৌধুরীর নামে নামকরনের জোর দাবি জানাচ্ছি। সিটি মেয়র একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশা করি।’

বিনোদ বিহারীর জন্ম ১৯১১ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। অগ্নিযুগের বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা ছিলেন তিনি। ১৯৩০ সালে চট্টগ্রাম যুব বিদ্রোহের সময় চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনের অস্ত্রাগার লুট করে ব্রিটিশদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন সূর্যসেন তার সহযোগীরা, যাদের মধ্যে বিনোদ বিহারীও ছিলেন। বাংলাদেশ স্বাধীনের পর দেশের সব সামাজিক, সাংস্কৃতিকসহ অধিকারভিত্তিক আন্দোলনে তিনি ছিলেন অগ্রবর্তী সৈনিক। স্বৈরাচার বিরোধী আন্দোলন, জঙ্গিবাদ বিরোধী, বঞ্চিত-অবহেলিত জনগোষ্ঠীর অধিকার আদায় ও অন্যায়ের বিরুদ্ধে প্রবীণ বয়সেও রাস্তায় নেমেছিলেন এই চিরসংগ্রামী পুরুষ। ২০১৩ সালের ১০ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।

সারাবাংলা/আইসি/এনএস