Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: মামলার প্রতিবেদন ৬ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৩ ১২:৩১

ঢাকা: তারিকুজ্জামান সানি নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর মরদেহ ঢাকার দোহার থানাধীন মৈনট ঘাট থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

বুধবার (১১ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. কামরুন্নাহারের আদালত প্রতিবেদন দাখিলের জন্য এই তারিখ ঠিক করেন।

এদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য বিচারক নতুন করে এই তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২২সালের ১৪ জুলাই ঢাকা জেলার দোহার থানাধীন মৈনট ঘাটে ১৫ বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানি। নিখোঁজ হওয়ার পর সানির সন্ধানে নামে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডুবুরি দল। ওইদিন রাতে রাতে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে ১৫ জুলাই মৈনট ঘাট থেকে ওই বুয়েট শিক্ষার্থী মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ১৫ জুলাই বিকেলে সানির বড় ভাই হাসাদুজ্জামান একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ১০। ওই মামলায় আসামি করা হয় সানির সঙ্গে ঘুরতে যাওয়া অন্য ১৫ বন্ধুকে।

মামলার ১৫ আসামি হলেন- শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, রুবেল, সজীব, নুরজামান, নাসির, মারুফ, আশরাফুল আলম, জাহাঙ্গীর হোসেন লিটন, নোমান, জাহিদ, এটিএম শাহরিয়ার মোমিন, মারুফুল হক মারুফ ও রোকনুজ্জামান ওরফে জিতু। আসামিরা বর্তমানে কারাগারে আছেন। আসামিদের মধ্যে ১০ জন হাইকোর্ট থেকে জামিনে আছেন। বাকি ৫ জন কারাগারে।

সারাবাংলা/এআই/ইআ