Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় রাজবাড়ীর স্মৃতির জামিন বহাল

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৩ ১২:০৮

ঢাকা: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির মামলায় রাজবাড়ী জেলা মহিলা দলের সদস্য সোনিয়া আক্তার স্মৃতিকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার (১৫ জানুয়ারি) হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। স্মৃতির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল ও রুহুল কুদ্দুস কাজল।

গত ৩১ অক্টোবর বিচারপতি মো.আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ স্মৃতিকে জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষ তার জামিন স্থগিত চেয়ে আবেদন করে। এই আবেদনের শুনানি নিয়ে ২ নভেম্বর হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। পাশাপাশি আবেদনটি নিয়মিত বেঞ্চে পাঠান। এর মধ্যে রাষ্ট্রপক্ষ জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল করে।

বিজ্ঞাপন

এরও আগে, গত ২৮ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ শুনানি দুই মাসের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) করেন।

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সামসুল আরেফিন চৌধুরী রাজবাড়ী সদর থানায় স্মৃতির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা, বানোয়াট, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম/ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়।

এরপর গত ৪ অক্টোবর সোনিয়া আক্তার স্মৃতিকে নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও জেলা মহিলা দলের সদস্য। তিনি রাজবাড়ী পৌরসভার তিন নম্বর বেড়াডাঙ্গা এলাকার প্রবাসী মো. খোকনের স্ত্রী।

সারাবাংলা/কেআইএফ/এমও