Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলার প্রতিবেদন ১৪ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৩ ১৩:৪৩ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ১৩:৪৬

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১৪ ফেব্রুয়ারি ঠিক করেছেন আদালত।

রোববার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তু ইসলাম মল্লিকের আদালত প্রতিবেদন দাখিলের পরবর্তী এ তারিখ ধার্য করেন।

এদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য বিচারক প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে এই তারিখ ধার্য করেন।

জানা যায়, নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে গত ৭ নভেম্বর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পরে ৯ নভেম্বর রাতে তার বাবা নুর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

ময়নাতদন্তে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর ওরফে পরশের মাথার বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বুকের ভেতরেও আঘাতের অসংখ্য চিহ্ন রয়েছে।

মামলায় নিহতের বান্ধবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বুশরাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলার পর ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে গ্রেফতার করে পুলিশ। গত বছরের ১০ নভেম্বর তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ১৬ নভেম্বর রিমান্ড শেষে জামিন নামঞ্জুর করে বুশরা কারাগারে পাঠানো হয়। গত ৮ জানুয়ারি বুশরার জামিন মঞ্জুর করেন আদালত।

সারাবাংলা/এআই/ইআ