Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিজেদের নির্দোষ দাবি করলেন জি কে শামীম

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৩ ১৬:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম, ফাইল ছবি

ঢাকা: রাজধানীর গুলশান থানার মানি লন্ডারিং আইনের মামলায় যুবলীগের কথিত নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ ৮ জন নিজেদের নির্দোষ দাবি করেছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে আত্মপক্ষ শুনানিতে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। একইসঙ্গে আগামী ২৬ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুল হাসান এসব নিশ্চিত করেন।

মামলার অপর আসামি হলেন— মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম।

বিজ্ঞাপন

গত বছরের ২১ ডিসেম্বর মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটিতে চার্জশিটভুক্ত ২৬ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ তদন্ত শেষে ২০২০ সালের ৪ আগস্ট আদালতে জিকে শামীম ও তার সাত দেহ রক্ষীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ১০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর দুপুরে নিকেতনের নিজ বাসা থেকে শামীমকে আটক করা হয়। এরপর অস্ত্র ও মাদক আইনে দায়ের করা দুই মামলায় যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীমকে ( জি কে শামীম) ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শামীমের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকার এফডিআর চেকসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি টাকা জব্দ করা হয়েছে। শামীমের কাছে একটি অস্ত্রও পাওয়া গেছে।

সারাবাংলা/এআই/এনএস