Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে চার্জ শুনানি ৫ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৮

ঢাকা: যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও মারধরের অভিযোগে মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আল আমিন হোসেনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ৫ মার্চ ধার্য করেছেন আদালত।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। তবে বিচারক ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক হাবিবুর রহমান সিদ্দিকী চার্জ শুনানির পরবর্তী এই তারিখ ধার্য করেন।

এদিন ক্রিকেটার আল আমিন আদালতে হাজিরা দেন।

সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. সোহেল রানা আল আমিনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞাপন

২০২২ সালের ১ সেপ্টেম্বর স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে গত বছরের ২ সেপ্টেম্বর মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা।

মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর পারিবারিকভাবে ক্রিকেটার আল আমিনের সঙ্গে ইসরাত জাহানের বিয়ে হয়। এ দম্পতির দুই সন্তান রয়েছে। আল আমিন তার স্ত্রী ইসরাতের কাছে ফ্ল্যাটের মূল্য পরিশোধ বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

সারাবাংলা/এআই/ইআ