Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাস্টমস সার্ভার হ্যাক করে মদ-সিগারেট খালাসের চেষ্টা, হ্যাকার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ১৪:০৩

গ্রেফতার হ্যাকার শেখ সেজান

চট্টগ্রাম: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সার্ভারে অবৈধভাবে প্রবেশ করে জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশি মদ ও সিগারেট খালাস চেষ্টার ঘটনায় সংঘবদ্ধ চক্রের আরও ১ সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (১৫ জুলাই) বিকেল ৬টার দিকে দেশত্যাগ করে নেপালে পালানোর সময় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় অভিযুক্ত শেখ সেজানকে (২৬) গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

সিএমপি সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ অপরাধীচক্র চীন থেকে বন্ডের আওতায় শুল্কমুক্ত সুবিধায় ফেব্রিক্স আমদানির মিথ্যা ঘোষণার আড়ালে উচ্চ শুল্কের অন্তত ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ আমদানি করেছে এবং কমপক্ষে ১০-১২ কোটি টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছে। যা জাতীয় রাজস্ব বোর্ডের সার্ভার অ্যাসাইকুডা ওয়ার্ল্ডে অবৈধ অনুপ্রবেশমূলক একটি আন্তর্জাতিক চোরাচালানের চাঞ্চল্যকর ঘটনা। এ ঘটনায় সিএমপির বন্দর থানায় দায়ের করা মামলার ঘটনায় আগে ৭ জন অভিযুক্তকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ এবং তদন্তকালে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে শেখ সেজানকে গ্রেফতার করা হয়।

সিএমপির তদন্ত কর্মকর্তা পরিদর্শক সনজয় কুমার সিনহা বলেন, ‘সেজান এনবিআর ও চট্টগ্রাম বন্দরের পোর্টালে অননুমোদিত প্রবেশ, কাস্টমস কর্মকর্তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সার্ভার নিয়ন্ত্রণ এবং জাল এলসি নিবন্ধনের মাধ্যমে পণ্য খালাসের পুরো প্রযুক্তিগত সহায়তা প্রদান করতেন। ২০২৪ সালের ২০ মে এক কর্মকর্তার আইডি ব্যবহার করে সাইবার প্রতারণার মাধ্যমে এই জালিয়াতি করা হয়।’

গ্রেফতার সেজান একজন সিরিয়াল সাইবার অপরাধী। তার বিরুদ্ধে এনআইডি, জন্মনিবন্ধন, ভূমি উন্নয়ন করের রসিদ ও টিকা সনদসহ বিভিন্ন সরকারি ডিজিটাল সেবা জালিয়াতির অভিযোগ রয়েছে। সরকারি ওয়েবসাইটের ক্লোন তৈরি ও সাইবার জালিয়াতির অভিযোগে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত ৭টি মামলা রয়েছে।

কাস্টমসের তদন্ত ও অনুসন্ধানে উঠে এসেছে, ২০১৯ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত এনবিআর সার্ভারে অন্তত ৪৮টি আমদানি চালান ও প্রায় ৩ হাজার ভুয়া রপ্তানি চালানের ক্ষেত্রে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে। কাস্টমস বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সাইবার অনুপ্রবেশ জাতীয় শুল্ক ব্যবস্থা ও রাজস্ব সুরক্ষার জন্য চরম হুমকিস্বরূপ।

সেজানের প্রাথমিক তথ্যের ভিত্তিতে চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর