Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ১৩:২৪

জব্দ করা ইয়াবা ও সিএনজি অটোরিকশা

কক্সবাজার: জেলার টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৩ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

শনিবার (১৮ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে টেকনাফ থানাধীন হ্নীলার কোনাপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহজনক সিএনজিকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চালক অটোরিকশাটি রাস্তায় রেখেই দ্রুত পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড সদস্যরা সিএনজিটিতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। যার মূল্য আনুমানিক ৩ কোটি ৫০ লাখ টাকা।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবা ও সিএনজির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর