Tuesday 21 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে ৭ দিনে পাসপোর্ট দিতে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৩ ১৪:৩০

ফাইল ছবি

ঢাকা: পুলিশ ভেরিফিকেশন রহিত করে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের ভিত্তিতে সাত দিনের মধ্যে পাসপোর্ট প্রদান করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে এ বিষয়ে একটি নীতিমালা তৈরির নির্দেশনা চাওয়া হয়েছে ।

রিটে স্বরাষ্ট্র সচিব, পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাসপোর্ট অফিসের উপ-পরিচালককে বিবাদী করা হয়েছে।

বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় গত মে মাসে এই রিট দায়ের করেন।

বুধবার (২১ জুন) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হয়।

বিজ্ঞাপন

শুনানি শেষে আদালত রিট আবেদনটি মুলতবি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তৈমুর আলম খন্দকার ও আইনজীবী ইয়ারুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

পরে আইনজীবী ইয়ারুল ইসলাম সারাবাংলাকে বলেন, পুলিশ ভেরিফিকেশন রহিত করে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের ভিত্তিতে সাত দিনের মধ্যে কোন ধরনের বিড়ম্বনা ছাড়াই পাসপোর্ট প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গত মে মাসে বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়ের পক্ষে এই রিট দায়ের করা হয়।

আজ প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রিট শুনানি মুলতবি করেছেন। পরবর্তীতে শুনানি নিয়ে এ বিষয়ে আদালত আদেশ দেবেন।

পাসপোর্ট অফিসের অনিয়ম নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে গত মে মাসে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।

রিটে পাসপোর্ট অফিসের অনিয়মের বিষয়ে যথাযথ তদন্ত-সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা কেন অবৈধ হবে না— এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/এনইউ