Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের ৯ জেলায় নতুন করে বন্যার শঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৬ ২০:১৬ | আপডেট: ২১ জুলাই ২০২৬ ২২:১৭

বন্যায় প্লাবিত নিম্নাঞ্চল। ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ৯ জেলায় বন্যার শঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত বন্যা সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা, ধরলা, দুধকুমার, সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন ও যাদুকাটা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যার ঝুঁকি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সোমেশ্বরী অববাহিকাভুক্ত নেত্রকোনা এবং আত্রাই অববাহিকাভুক্ত নওগাঁ জেলায় নতুন করে বন্যার শঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

বন্যা তথ্য কেন্দ্র জানায়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার জোরালো ঝুঁকি রয়েছে। প্লাবিত হতে পারে এমন এলাকার মধ্যে রয়েছে- কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ, নাটোর, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলা। সংস্থাটির পর্যবেক্ষণাধীন স্টেশনগুলোর মধ্যে এরইমধ্যে তিনটি নদীর চারটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার মধ্যে কুশিয়ারা নদীর পানি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার মারকুলি পয়েন্টে বিপৎসীমার ওপরে অবস্থান করছে। এ ছাড়া সুনামগঞ্জের ছাতক পয়েন্টে সুরমা নদী এবং নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের ভেতরের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। বিশেষ করে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কারণে উপকূলীয় অঞ্চলসহ দেশের নিম্নাঞ্চলের পানি আরও বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর