Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জয়পুরহাটে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২২

জয়পুরহাট: জয়পুরহাটে পৃথক মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা জজ-২ আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার জগদীশপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে আবু জাফর বাবু, তেরগাতি গ্রামের মৃত মুলতান মন্ডলের ছেলে মাজেনুর রহমান ও পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা বড় পুকুরিয়া গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে রনি বাবু। এদের মধ্যে মাজেনুর ও রনি জামিন নেওয়ার পর থেকে পলাতক।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২০ সালের ১৩ জুলাই মঙ্গলবাড়ী বাজার থেকে একটি ভটভটি মাদক নিয়ে জয়পুরহাট শহরের দিকে আসার পথে আটক করে র‌্যাব। এ সময় ভটভটিটি তল্লাশী করলে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধারসহ আবু জাফর বাবুকে গ্রেফতার করে। সে সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে আরেক আসামি মাজেনুরের সম্পৃক্ততার কথা জানা যায়। তারা দুই জনেই এই ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় দুই জনকেই আসামি করে মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি পাঁচবিবি উপজেলার নওদা এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ৫০ পিস নেশা জাতীয় এ্যাম্পুল ইঞ্জেকশনসহ রনি বাবুকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/ইআ