Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১০৪ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৩ ১২:১৬

ঢাকা: ১০৪ বারের মতো পেছাল সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। আগামি ২৩ জানুয়ারি প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করেনি। এ জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন প্রতিবেদন দাখিলের পরবর্তী এ তারিখ ঠিক করেন।

শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন এ তথ্য জানান।

২০১২ সালের বছর ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি তাদের ভাড়া বাসায় খুন হন। এরপরের দিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরে মেহেরুন রুনির ছোট ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। অপর আসামিরা হলেন- বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।

শেরেবাংলা নগর থানার মাধ্যমে মামলাটির তদন্ত শুরু হলেও চারদিন পর এর তদন্তভার ঢাকা মহানগর ডিবি পুলিশকে দেওয়া হয়। দুই মাসের বেশি সময় তদন্ত করে ডিবি পুলিশ এর রহস্য উদঘাটন করতে পারেননি। এরপরে ২০১৪ সালের ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের ওপর দেওয়া হয়।

সারাবাংলা/ইআ