ঢাকা: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শিশুরা ফুলের মতো। শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে। এই শিশুদের লুকিয়ে থাকা প্রতিভা অন্বেষণে কাজ করছে বাংলাদেশ জিয়া শিশু একাডেমি। তাদের সঙ্গে যুক্ত হয়েছে চ্যানেল আই। যা এই অনুষ্ঠানের মাহাত্মকে অনেক গুণ বাড়িয়ে দিবে।
রোববার (২৬ জুলাই) রাজধানী ঢাকায় চ্যানেল আইয়ে শুরু হতে যাওয়া রিয়েলিটি শো ‘শাপলাকুঁড়ি ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ সব কথা ব্যক্ত করেন।
শিশুশিল্পী প্রতিভা অন্বেষণে রিয়েলিটি শো শাপলাকুঁড়ি এবার চ্যানেল আইয়ে উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, “আজ যারা দেশের অনেক খ্যাতিমান শিল্পী তারা চ্যানেল আইয়েরই অবদানে। ‘যেখানে প্রতিভা, সেখানেই আমরা’- এই স্লোগানে বাংলাদেশ জিয়া শিশু একাডেমি এই প্রতিযোগিতার মূল আয়োজক।’
অনুষ্ঠানে জানানো হয়, এবারের আয়োজনটি ১৪তম। ক্বেরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীতে দেশের ১২টি জোনে প্রাথমিক বিজয়ীরাই বিষয়ভিত্তিক নির্বাচনে ১৫টি একক এবং তিনটি দলীয় বিষয়ে অংশ নিবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি একক এবং একটি দলীয় বিষয়ে অংশ নিতে পারবে।
আরও জানানো হয়, প্রতিটি বিষয়ে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ী এবং দু’টি বিভাগে দু’জন শাপলাকুঁড়ি চ্যাম্পিয়ন হিসেবে নির্ধারিত হবে। এর প্রতিটি পর্ব প্রচারিত হবে চ্যানেল আইয়ে। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলবে ২৬ জুলাই থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত। বিস্তারিত জানা যাবে চ্যানেল আই এবং বাংলাদেশ জিয়া শিশু একাডেমির ওয়েবসাইটে।
প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা উপলক্ষে চ্যানেল আইয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক হুমায়ুন কবীর, নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, ফাতেমা তুজ জোহরা। এ ছাড়াও উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী বিউটি, লায়লা, মৌমিতা বড়ুয়া, এই রিয়েলিটি শো’র প্রকল্প পরিচালক রাজু আলীম ।