Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আপিল বিভাগে শাম্মী আহমেদের আবেদনের শুনানি ২ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৩ ১৪:০৪ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ ১৪:৪২

ঢাকা: প্রার্থিতা ফিরে পেতে বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের আবেদনে সাড়া দেননি চেম্বার আদালত। এ বিষয়ে আপিল বিভাগে শুনানির জন্য আগামী ২ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে শাম্মীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির, শাহ মঞ্জুরুল হক, হারুনুর রশিদ।

এর আগে, প্রার্থিতা ফিরে পেতে ফের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ। আবেদনে হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে শাম্মী আহমেদের রিট খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার তার সুযোগ বন্ধ হয়ে যায়। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ বহাল রেখে আদেশ দেন।

তারও আগে, ১৮ ডিসেম্বর সোমবার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের রিট খারিজ করে দেন হাইকোর্ট।

ওইদিন বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন শাম্মী আহমেদ।

তার আগে, ১৫ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্বে অভিযোগে প্রার্থিতা বাতিল হয় বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ। আর একই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বহাল থাকে।

এর আগে, শাম্মী আহমেদ এবং একই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ-সদস্য পঙ্কজ দেবনাথ পরস্পরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন।

অস্ট্রেলিয়ার নাগরিক হলেও শাম্মী আহমেদ তা গোপন করেছিলেন। পরে সেই অভিযোগের সত্যতা পেয়ে ইসি শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল করে।

সারাবাংলা/কেআইএফ/ইআ