Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৪ ১৭:৫৯

নোয়াখালী: নোয়াখালী-২ আসনে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট শাহিদুজ্জামান পলাশ (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার মাথায় ভারি কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছিলো।

শনিবার দিবাগত রাত ১টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাটেশ্বর গ্রাম থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত শাহিদুজ্জামান পলাশ ওই গ্রামের জামাল হোসেনের ছেলে।

রোববার (১৪ জানুয়ারি) স্থানীয়রা জানান, গত ৫ বছর আগে সৌদি আরব থেকে দেশে আসে পলাশ। এরইমধ্যে ফের ইতালি যাওয়ার জন্য টাকাও জমা দিয়েছিলেন তিনি। সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুইঁয়া মানিকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করে পলাশ। নির্বাচনের দিন একটি কেন্দ্রে এজেন্টের দায়িত্বে ছিলেন পলাশ।

বিজ্ঞাপন

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথা ভারি কোন জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি এবং হত্যার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।’

সারাবাংলা/এমও