Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রানা প্লাজার হত্যা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৪ ১১:৪০ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪ ১২:০৬

ফাইল ছবি

ঢাকা: সাভারে ২০১৪ সালে রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এই সময় পর্যন্ত ভবনের মালিক সোহেল রানার জামিন স্থগিত থাকবে আদেশে বলা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. কামরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন আইনজীবী মুনমুন নাহার।

রানা প্লাজা ধসে পড়ে সহস্রাধিক মানুষের হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে ২০২৩ সালের ৮ মে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে, গত বছরের ৬ এপ্রিল এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরুউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রানাকে জামিন দেন। কিন্তু পরে ৯ এপ্রিল হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। ফলে রানার মুক্তির প্রক্রিয়া আটকে যায়।

এর আগে, ২০২৩ সালের মার্চে রানাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলকে যথাযথ ঘোষণা করেই গত বছরের ৬ এপ্রিল তাকে জামিন দেওয়া হয়েছিল।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন রানা প্লাজা (১০ তলা ভবন) ধসে ১ হাজার ১৩৬ জন শ্রমিক নিহত হয়। এ ঘটনার পাঁচদিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করা হয়েছিল।

সারাবাংলা/কেআইএফ/এমও