Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাঙ্গামাটিতে ২ দিনের চিত্রকর্ম প্রদর্শনী শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৪২

রাঙ্গামাটিতে দুই দিনের চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন হয় শুক্রবার। ছবি: সারাবাংলা

রাঙ্গামাটি: পার্বত্য জেলা রাঙ্গামাটিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী। চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে একসময় পার্বত্য চট্টগ্রামে ‘শিক্ষার বাতিঘর’ হিসেবে পরিচিত মোনঘর আবাসিক বিদ্যালয়ের সহযোগী সংগঠন মোনঘর সাপোর্ট গ্রুপ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীর উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা। প্রদর্শনী থেকে পাওয়া অর্থ মোনঘর উচ্চ শিক্ষা কর্মসূচির আওতায় উচ্চ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে।

প্রদর্শনীতে মোট ৭৭টি ছবি স্থান পেয়েছে। এর মধ্যে ৪৭টি ছবি হাতে আঁকা, বাকিগুলো আলোকচিত্র। চিত্রশিল্পী রনেল চাকমা, ধনমনি চাকমা, উদয় শংকর চাকমা, দয়াল মোহন চাকমা ও নান্টু চাকমার আঁকা ছবি এবং আলোকচিত্রী সবুজ চাকমা, সঞ্চয় চাকমা ও জয় চাকমার তোলা ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণের পর মেধাবী শিক্ষার্থীদের কারিগরি ও উচ্চতর শিক্ষার সুযোগ তৈরিতে মোনঘর উচ্চ শিক্ষা কর্মসূচি চালু রয়েছে। এই কর্মসূচির অধীনে বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কারিগরি ও নার্সিং ইনস্টিটিউটে ১০৭ জন শিক্ষার্থী অধ্যয়নরত। এসব শিক্ষার্থীদের সহায়তা করতে অর্থ সংগ্রহের উদ্যোগ হিসেবে দুই দিনব্যাপী এই চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

মোনঘর সাপোর্ট গ্রুপের সভাপতি ও প্রদর্শনীর আয়োজক ডা. পরশ খীসা জানান, মোনঘর উচ্চ শিক্ষা কর্মসূচির আওতায় জেলা শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক দৃশ্য, জীবন-জীবিকা ও পশু-পাখির বৈচিত্র্য ফুটিয়ে তোলা হয়েছে। প্রদর্শনী থেকে পাওয়া অর্থ মোনঘর উচ্চ শিক্ষা কর্মসূচির তহবিলে দান করা হবে। পাহাড়ের প্রান্তিক এলাকা থেকে উঠে আসা শিক্ষার্থীদের পড়ালেখার ব্যয় সংস্থানে এ অর্থ সহায়তা করবে।

সারাবাংলা/টিআর
বিজ্ঞাপন

আরো