Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাঠাও কুরিয়ার সার্ভিসে ইয়াবা পাচার, গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২৭

কক্সবাজার: পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ৩ জনকে গ্রেফতার করেছে বিজিবি। ওই সময় কাভার্ড ভ্যান তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে রামু ৩০ বিজিবি এ অভিযান চালায়। বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানে মাদকসহ আটক পাচারকারীরা হলো, গাইবান্ধা জেলার শাখাটা থানার ডাকবাংলা এলাকার জামিল আহম্মেদ (২০), কক্সবাজারের চকরিয়া থানার কৈয়ারবিল এলাকার রাহাত সরোয়ার (১৯) ও কুমিল্লা জেলার নাঙ্গলকুট থানার বকশগঞ্জ কুকখালী গ্রামের কাভার্ড ভ্যানের চালক মাসুদ রানা (৩৪)।

বিজ্ঞাপন

অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থেকে চট্টগ্রামগামী পাঠাও কুরিয়ার সার্ভিসের ১টি কাভার্ড ভ্যানে করে ইয়াবা পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। চেকপোস্টে ওই কাভার্ড ভ্যান পৌঁছালে বিজিবি তল্লাশি করে পার্সেলের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ১০ হাজার ইয়াবাসহ তাদের আটক করে।

তল্লাশি চলাকালে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমও
বিজ্ঞাপন

আরো