Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় সর্বহারা পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৪ ১২:০৬

পাবনা: পাবনা সদর উপজেলার গয়েশপুরে চরমপন্থী দল সর্বহারা পার্টির সাবেক এক আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৭ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের মানিকনগর বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক শেখ (৩৮) গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের মৃত আজিজুল শেখের ছেলে।

রাজ্জাক নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। ২০১৯ সালে পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অন্যান্য চরমপন্থীদের সঙ্গে আত্মসমর্পণ করেছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ইফতার করে তারাবির নামাজের পর চা খাওয়ার জন্য মানিকনগর বাজারে যান আব্দুর রাজ্জাক। এরপর ওখানকার একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। এমন সময় দুটি মোটরসাইকেলযোগে ৫/৬ জন মুখোশধারী দুর্বৃত্ত এসে তাকে পরপর তিনটি গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন পুলিশের কর্মকতা।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আব্দুর রাজ্জাক নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টির নেতা ছিলেন। ২০১৯ সালে পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের কাছে আত্মসমর্পণ করেছিলেন। ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে সেটি এখনো জানা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো