Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ২৩:৩৬

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

ঢাকা: রফতানি বাণিজ্য সম্প্রসারণে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ উৎসাহিত করতে বুথ ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদির।

সোমবার (২৭ জুলাই) বিকেলে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিগ ওয়েভ)-এ ‘১০ম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো’ এবং ‘৩০তম চায়না-কুনমিং আমদানি-রফতানি ২০২৬’ শীর্ষক মেলার ডি-ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রফতানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে এবং নতুন রফতানি বাজার তৈরি করতে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের বিকল্প নেই। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা এসব মেলায় অংশ নিতে পারেন না। এ বাস্তবতা বিবেচনায় রফতানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফ করা হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার ব্যবসা-বাণিজ্য সহজীকরণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স পাওয়ার ব্যবস্থা চালু করা হবে, যাতে উদ্যোক্তারা দ্রুত ও সহজে সেবা নিতে পারেন।’

রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, এনডিসি। এ সময় বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার ও লেদারগুডস উৎপাদনকারী ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. নাসির খান বক্তব্য দেন।

অনুষ্ঠানে মন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের বক্তব্য, বিভিন্ন প্রস্তাবনা এবং কুনমিং মেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা শুনে তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানের শুরুতে বাণিজ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিরা রফতানি উন্নয়ন ব্যুরো থেকে প্রকাশিত ত্রৈমাসিক নিউজলেটারের মোড়ক উন্মোচন করেন।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর