Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বুক ব্যাথার ওষুধ কিনতে না পেরে পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৪ ২১:২৮ | আপডেট: ২৭ মার্চ ২০২৪ ০১:১৯

ঢাকা: রাজধানীর মগবাজারে বুকে ব্যাথার ওষুধ কিনতে না পেরে পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছেন জয়নাল আবেদিন (৪৬) নামে এক ব্যক্তি।

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মগবাজারের মধুবাগ এলাকায় ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে তিনি মারা যান।

জয়নাল আবেদিনের ভাতিজা মো. মোতালেব হোসেন জানান, তাদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার হাসানপুর গ্রামে। বর্তমানে মগবাজার মধুবাগ এলাকায় স্ত্রী মনজিলা বেগম এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। আর স্ত্রী বাসা বাড়িতে কাজ করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তার চাচা জয়নাল তিন বছর ধরে অসুস্থ। সেজন্য তিনি আর রিকশা চালাতে পারেন না। তাকে হৃদরোগ হাসপাতালে ডাক্তার দেখানো হয়েছিল। সেখান থেকে বলেছে, তার হার্টে ব্লক আছে। সেজন্য বুকে প্রচণ্ড ব্যাথা ছিল। কিন্তু ওষুধ কেনার টাকা ছিল না। স্ত্রী বাসা বাড়িতে কাজ করে যে টাকা পায় সেটা দিয়েই কোনোরকমে সংসার চলে।

মোতালেব বলেন, ‘আজ সন্ধ্যার দিকে জয়নাল চাচা সকলের অগোচরে ফল কাটার ছুরি নিজের পেটে ঢুকিয়ে দেন। পরে তাকে দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তির পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো