Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলাকারী পলাতক ইয়াছিন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৪ ২১:০৩

যশোর: প্রধানমন্ত্রীর প্রাণনাশের উদ্দেশ্যে গাড়িবহরে হামলা মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আলীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) গভীর রাতে যশোর শহরতলী শানতলার মোড় থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৬ যশোর।

বুধবার (২৭ মার্চ) দুপুরে র‌্যাব-৬ যশোর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় একটি জনসভায় যাওয়ার সময় কলোরোয়ায় পৌঁছালে সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ গাড়িবহরে হামলা চালায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ অন্যান্য আইনে পৃথক তিনটি মামলা হয়। মামলাগুলোর বিচার কাজ শেষে গত বছরের ১৮ এপ্রিল সাতক্ষীরার স্পেশাল ট্রাইবুনাল-৩ আদালত ওই হামলার সঙ্গে জড়িতদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দেন। এদের মধ্যে সাত বছরের সাজা মাথায় নিয়ে ইয়াছিন আলী পালিয়ে বেড়াচ্ছিলেন। ইয়াছিনসহ মোট ৪৪ জনকে ৭ বছর মেয়াদে সাজা দেওয়া হয়।

মামলায় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা যুবদলের সভাপতি কাদের বাচ্চু, কলারোয়া পৌর যুবদলের সভাপতি আরিফুর রহমান রঞ্জু ও সাবেক ছাত্রদল সভাপতি রিপনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পলাতক আসামিকে আটকের জন্য র‌্যাব-৬ তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াছিনের অবস্থান নিশ্চিত হয়। এর পর মঙ্গলবার রাতে যশোর শহরতলীর শানতলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইয়াসিন আলী দীর্ঘদিন যশোর শহরের বেজপাড়া এলাকায় আত্মগোপনে ছিলেন। ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে দু’টি রিকশা কিনে সেগুলো ভাড়ায় খাটিয়ে জীবিকা নির্বাহ করতেন।

সাজাপ্রাপ্ত ইয়াসিন আলীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানান মেজর সাকিব।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো