Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৪ ১৩:১৮ | আপডেট: ৯ এপ্রিল ২০২৪ ১৪:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: এক্সিম ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংক এবং সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের পর এবার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ( বিডিবিএল) একীভূত হচ্ছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সঙ্গে। সোমবার (৮ এপ্রিল) দুই ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় দুই ব্যাংকের পর্ষদই একীভূত হতে সম্মতি জানিয়েছে। এখন ব্যাংক দুটির সিদ্ধান্ত অনুযায়ী এই দুই ব্যাংক একীভূত হবার প্রক্রিয়া চলবে।

জানা গেছে, গত ১৮ মার্চ একীভূত হওয়ার লক্ষ্যে এক্সিম ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সই করে বেসরকারি খাতের পদ্মা ব্যাংক। একীভূত হওয়ার পর এটি এক্সিম ব্যাংক নামেই কার্যক্রম পরিচালনা করবে ব্যাংক দুটি।

বিজ্ঞাপন

অন্যদিকে এক্সিম-পদ্মার পর বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে আরেক দুর্দশাগ্রস্ত বেসিক ব্যাংক। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সোমবার দুই ব্যাংকের বোর্ডে উঠানো হলে পর্ষদ এ বিষয়ে একমত হয়েছে। সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হতে একমত বিডিবিএল। বোর্ডের সিদ্ধান্ত দ্রুতই বাংলাদেশ ব্যাংককে জানানো হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।

সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ইঙ্গিত পেয়ে বিডিবিএলের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে একটি সারসংক্ষেপ তৈরি করে সোনালী ব্যাংক। যা সোমবার পরিচালনা পর্ষদে উপস্থাপন করা হয়। বিডিবিএলকে সোনালীর সঙ্গে একীভূত করতে পর্ষদ অনুমোদন দেয়। কেন্দ্রীয় ব্যাংকে সমঝোতা চুক্তিতে একীভূত করার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

এর আগে, বুধবার (৩ এপ্রিল) বিকেলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে বৈঠক করে দুর্বল ব্যাংককে সবলের সঙ্গে একীভূত করার বিষয়ে জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। পরদিন বৃহস্পতিবার একীভূত হওয়ার প্রক্রিয়া নিয়ে পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। কোন ব্যাংক কার সঙ্গে একীভূত হবে, ব্যাংকগুলো নিজেদের পছন্দে বাছাই করতে পারবে বলেও উল্লেখ করা হয়।

সারাবাংলা/জিএস/ইআ