Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উপকূলে ঝড়ের পূর্বাভাস, বন্দরে সতর্কসংকেত

স্পেশাল করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৪ ১২:২৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৯

ঢাকা: বিদায় নিয়েও যেন নিচ্ছে না মৌসুমি বায়ু। বঙ্গোপসাগরসহ দেশের উপকূলীয় এলাকায় এর প্রভাব অব্যাহত রয়েছে। এর প্রভাবেই দেশের উপকূলীয় এলাকায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দেশের চার সমুদ্রবন্দরকেই তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে আবহাওয়া অধিদফতর থেকে বিশেষ এই সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন সতর্কবার্তায় সই করেছেন।

এর আগেই বরিশাল, চট্টগ্রাম ও সিলেট— এই তিন বিভাগে বুধবার সকাল থেকে ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা আছে। বুধবার সকালের আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসেও সারা দেশের অধিকাংশ এলাকাতেই ঝড় ও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সতর্কসংকেত ও ট্রলারের জন্য সতর্কবার্তা জানিয়ে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে গতকাল মঙ্গলবারই (১ অক্টোবর) মৌসুমি বায়ুর প্রভাবে তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া অধিদফতর। সতর্কবার্তা অনুযায়ী, আজ বুধবার সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

বুধবার সকালেও পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সারা দেশের জন্য। এতে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

সারাবাংলা/টিআর