ঢাকা: মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নারীসহ দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পল্লবীর মিল্লাত ক্যাম্প ২ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৩টি বুলেটের খোসা উদ্ধার করা হয়েছে।
আহতদের মধ্যে মো. আলমগীর (৪৫) পেশায় একজন মাছ ব্যবসায়ী। এছাড়া পল্লবী থানা এলাকায় বিএনপির মূল দলের সদস্য তিনি। তার বাসা মিরপুর-১১ তে। আহত অপরজন জ্যোৎস্না (৫৫) নামের এক পথচারী নারী।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বশীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্বৃত্তরা ওই এলাকায় তিন রাউন্ড গুলি ছুঁড়লে আলমগীর গুলিবিদ্ধ হন। এ সময় রাস্তা পার হতে গিয়ে ওই নারীও গুলিবিদ্ধ হন।’
তিনি আরও বলেন, ‘আহতদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে তদন্ত শুরু করেছেন।’
জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-১১ এর ব্লক-বি এলাকার একটি চায়ের দোকানের সামনে স্থানীয় যুবলীগের রুবেল ও বাপ্পাসহ ৪ জন একটি প্রাইভেটকারে আসেন। এসময় তারা মো. আলমগীরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুলিতে আলমগীরের মাথার ডান পাশে ও পেটের ডান পাশে আঘাত লাগে। পরে স্বজনরা খবর পেয়ে তাকে চিকিৎসার জন্য স্থানীয় ইসলামী হাসপাতালে নিয়ে যান। পরর্বতীতে উন্নত চিকিৎসার জন্য ৬টা ৫০ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।