Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ১৯:৫৯

গ্রেফতার হওয়া তিনজন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আদাচাকী এলাকায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। এ সময় জুয়ার কার্যক্রমে ব্যবহৃত চারটি মোবাইলফোন ও নগদ ৫ হাজার ৮৮৫ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়কের নির্দেশনায় বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল বেলকুচি থানার আদাচাকী গ্রামের নাবিল টেলিকম নামের দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানে মিনহাজুল ইসলাম (২৪), বনি আমিন (২০) ও নিশাত রেজা (২৭) নামের তিনজনকে গ্রেফতার করা হয়। তারা সবাই আদাচাকী গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একাধিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়ার সাইটে ডিজিটাল অর্থ লেনদেন করে আসছিলেন। জুয়ার সাইটে অর্থ সরবরাহের জন্য তারা বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করতেন বলেও স্বীকার করেছেন।

এ বিষয়ে র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ বলেন, ‘তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে পরিচালিত অনলাইন জুয়া সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের অপরাধ দমনে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।’

 

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর