Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অবৈধপথে ভারত গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৪ ১৪:০৫ | আপডেট: ২ অক্টোবর ২০২৪ ২০:০৩

ঢাকা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে গেছেন অবৈধপথে। কারণ বৈধ পথে গেলে তাকে ইমিগ্রেশন পার হতে হতো আর ব্যবহার করতে হতো নিজস্ব পাসপোর্ট। কিন্তু তিনি পাসপোর্ট ব্যবহার করেননি এমনকি ইমিগ্রেশন পার হওয়ার কোনো তথ্য ইমিগ্রেশন পুলিশের কাছে নেই।

মঙ্গলবার (১ অক্টোবর) দেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় কলকাতার পার্কে আড্ডার দেওয়ার সময় ধরা পড়েন তিনি। তার সঙ্গে ছিলেন অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) মো. শাহ আলম বলেন, আমি গণমাধ্যমে খবর দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে। তারা কীভাবে গেছেন সে তথ্য ইমিগ্রেশন পুলিশের কাছে নেই।

বিজ্ঞাপন

শাহ আলম বলেন, এতোটুকু নিশ্চয়তা দিতে পারি, স্বরাষ্ট্রমন্ত্রীসহ যাদের দেখা গেছে তারা কেউই ইমিগ্রেশন ক্রস করেননি। ইমিগ্রেশনে তাদের দেশত্যাগের কোনো তথ্য নেই।

তাহলে কীভাবে গেলেন? জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার প্রধান শাহ আলম বলেন, ইমিগ্রেশনে যেহেতু তথ্য নেই, তাহলে অবশ্যই অবৈধ পথে গেছেন তারা। যেকোনোভাবে সীমান্ত পার হয়েছেন।

অন্যদিকে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ বিষয়ে বলেন, তাদের কাছেও স্বরাষ্ট্রমন্ত্রীর দেশ ত্যাগ করার কোনো তথ্য নেই।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে আওয়ামী লীগ নেতারা সবাই গা ঢাকা দেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ডজন খানেক হত্যা মামলা হয়েছে।

সারাবাংলা/ইউজে/ইআ