Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শহিদ মিনারে প্রার্থনা করে ক্লাসে ফিরলেন চবি শিক্ষার্থীরা

চবি করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৪ ১৩:২১ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৬

চট্টগ্রাম ব্যুরো: তিন মাস পর খুলল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের স্মরণে শহিদ মিনারে প্রার্থনা করে এরপর ক্লাসে ফেরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা অবস্থান করে এ প্রার্থনা কর্মসূচি পালন করেন এবং লাল ব্যাজ পরিধান করেন। এ সময় সম্মিলিতভাবে মোনাজাত পরিচালনা করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুল হক।

কর্মসূচিতে বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা অভূতপূর্ব সংস্কারের সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা এ সুযোগের সদ্ব্যবহার করব। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে এর ব্যবহার করে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেব। আজ বীর শহিদের জন্য দোয়া-প্রার্থনা করে একাডেমিক কার্যক্রম শুরু করছি।

বিজ্ঞাপন

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, যেসব শহিদদের রক্ত মারিয়ে আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদের স্মরণ করার জন্যই আমরা সমবেত হয়েছি। তাদের স্মরণ করেই যেন আমাদের একাডেমিক কার্যক্রম শুরু হয়, সে জন্যই এই আয়োজন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল গত ১ জুলাই থেকে। ওইদিন থেকেই পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি করছিলেন শিক্ষক ও কর্মকর্তারা। পরে কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আন্দোলনের মধ্যেই শিক্ষার্থীদের হল ত্যাগ করতে নির্দেশনা দেওয়া হয়। এর পর থেকেই চবিতে বন্ধ আছে ক্লাস-পরীক্ষা।

সারাবাংলা/এমআর/ইআ