Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির দাবি জামায়াতের

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ২৩:৪৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ফাইল ছবি

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এ বিষয়ে জাতিসংঘের সহযোগিতা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

শুক্রবার (৭ আগস্ট) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হলেও বর্তমান সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। ফলে তিনি ভারতে অবস্থান করে দেশ ও দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছেন।

গোলাম পরওয়ার বলেন, পলাতক শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে বর্তমান সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে জাতিসংঘের সহযোগিতা নিতে হবে। সরকার যদি কূটনৈতিক শৈথিল্য প্রদর্শন করে, তাহলে জনগণের কাঠগড়ায় সরকারকে কঠোর জবাবদিহির মুখোমুখি হতে হবে।

বিজ্ঞাপন

ভারতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়ারও তীব্র নিন্দা জানান জামায়াতের এই নেতা। তিনি বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনার মতো একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। সেই ষড়যন্ত্র বন্ধে বাংলাদেশের কূটনৈতিক আহ্বানকে ভারত সরকার আমলে না নিয়ে তাকে আশ্রয় দেওয়া অব্যাহত রেখেছে। এটি আন্তর্জাতিক নিয়মনীতি ও কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন।

তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশী ভারতসহ বিশ্বের সব দেশের সঙ্গে সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক এবং দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষায় অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে বাংলাদেশ সব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। ভারত সরকারের এমন কূটনৈতিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জামায়াত।

গোলাম পরওয়ার আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গত সাড়ে ১৬ বছর বাংলাদেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন, হত্যা ও গুম চালিয়েছে। সর্বশেষ ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশপ্রেমিক জনগণের ওপর গণহত্যা চালানো হয়েছে। ওই গণহত্যায় প্রায় দেড় হাজার মানুষ নিহত এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম, জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসহ বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে বলে দাবি করেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একাধিকবার ভারত সরকারের কাছে চিঠি দিয়েছে। কিন্তু সেই আহ্বান উপেক্ষা করে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার মূলত বাংলাদেশের পরিবর্তে নিষিদ্ধ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে বলে প্রতীয়মান হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় বন্দি বিনিময় চুক্তিও উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ভারত সরকারের প্রতি অবস্থান সংশোধনের আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে।

তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে হাজারো প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ কায়েম, পুরোনো ফ্যাসিবাদের পুনরুত্থান কিংবা আড়ালে-আবডালে কোনো তৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না।

ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের ছায়া ফেলতে চান, তা সফল হবে না দাবি করে তিনি বাংলাদেশের জনগণকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে পুরোনো ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলে নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঐক্যবদ্ধ, ইনসাফপূর্ণ, দুর্নীতিমুক্ত ও সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর