বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) স্বাধীনতা দিবস হল এবং গেস্ট হাউসের মাঝের পরিত্যক্ত জায়গা থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীদের কক্ষে এসব অস্ত্র মজুদ করা হয়েছিল।
শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে প্রক্টোরিয়াল বডি ও হল প্রভোস্টের একটি দল হলের কিছু রুমে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।
জানা গেছে, সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তল্লাশি চালায়। এতে বেশ কয়েকটি রামদা, রড এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রগুলো ছাত্রদলের নিয়ন্ত্রিত কক্ষে ছিল বলে অভিযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। ছেলেদের হলগুলোতে এখন থেকে নিয়মিত এসব অভিযান পরিচালনা করা হবে।’
এ বিষয়ে জানতে স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট মাহবুব আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হল ও গেস্ট হাউজের মাঝের পরিত্যক্ত জায়গায় কিছু রড, পাইপ এবং রাম দা পাওয়া যায়।
তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। এর সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে।