Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ৭ দিনের রিমান্ডে


৬ অক্টোবর ২০২৪ ১৯:০৭ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ২২:৪৩

ঢাকা: যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ হুমায়ূন কবিরের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৬ আক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।

এদিন ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই তন্ময় কুমার বিশ্বাস। অন্য দিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিন নাকচ করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। একই দিন হুমায়ূন কবিরকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান মো. আবুল কালাম আজাদ। এর আগে তিনি একই কার্যালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে আবুল কালাম আজাদ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। অভিযোগ রয়েছে, এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এ সময় যু্বদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।