বান্দরবান: পার্বত্য জেলায় মিথ্যা গুজব ছড়িয়ে যারা স্বাভাবিক পরিস্থিতিকে অস্বাভাবিক করার চেষ্টা করছে এবং ইতোমধ্যে সেখানকার শান্ত পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপরাধে জড়িত, তাদেরকে খুব দ্রুতই শাস্তির আওতায় আনা হবে।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এসব কথা বলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নুরুল্লাহ নুরী।
এ সময় তিনি আরও বলেন, ‘পার্বত্য তিন জেলার মধ্যে বান্দরবানের পরিবেশ বেশ স্বাভাবিক। আমরা আশা করছি আগামীতেও এই স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান থাকবে। আমরা আশা করছি আসন্ন শারদীয় র্দূগা পূজা, প্রবারণা পূর্ণিমাসহ বান্দরবানের সকল ধর্মের উৎসব সুন্দরভাবে অনুষ্ঠিত এবং সমাপ্ত হবে।’
জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা, নারী নেত্রী ডনাই প্রু নেলী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
দেশ স্বাধীন হওয়ার পরেও পাহাড়ে অবৈধ অস্ত্রের শব্দে মানুষ এখনও আতংকিত। পাহাড়ের মানুষের জনজীবন স্বাভাবিক করতে সরকারের আরও দায়িত্বশীল হতে হবে বলে জানান সভায় উপস্থিতরা।
এ সময় বক্তারা আরও জানান, সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত পর্যটন নগরী বান্দরবানের সম্প্রীতি অটুট রাখতে হলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতা প্রয়োজন। তাহলেই জেলার আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব।