ঢাকা: শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে স্কুল-কলেজে টানা নয় দিন ছুটি থাকবে। মাঝে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে টানা ১১ দিন। চলতি বছরের শিক্ষাপঞ্জিতে এ ছুটির কথা বলা হয়েছে।
এবারের শিক্ষাপঞ্জি অনুযায়ী, দুর্গাপূজার ছুটি শুরু হবে ৯ অক্টোবর, যা চলবে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। তবে পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আগামী ২০ অক্টোবর থেকে। আর এর মধ্যে আগামী ১৩ অক্টোবর বিজয় দশমীর ছুটি, ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর।
এদিকে, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি মাসে টানা তিনদিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। বিজয় দশমীর সরকারি ছুটি থাকবে আগামী ১৩ অক্টোবর। তার আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।