বরিশাল: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে বিরূপ মন্তব্য করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ শেখ মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক আশরাফুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন বলেন, মনিরুজ্জামানকে সরকারি চাকরিবিধি লঙ্ঘনের অপরাধে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম’ এই শিরোনামে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করেন মনিরুজ্জামান। মন্তব্যে তিনি লিখেন, ‘আগে জেলে যাবার সম্ভাবনা ছিল, এখন ফাঁসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবিত থাকেন)।’ এ বিষয়টি জেলা প্রশাসক আশরাফুর রহমানের নজরে এলে তিনি সিএ মনিরুজামানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।